রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, আলোকসজ্জায় উৎসবমুখর মন্দিরপাড়া

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে দেবী কালীর আরাধনা ও আলোকসজ্জা।

খাগড়াছড়ি ভুবনেশ্বরী কালীমন্দির, কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির, শান্তিনগর কালীমন্দির ও কৈবল্য পীঠ কালীমন্দিরসহ বিভিন্ন মন্দিরে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে এ উৎসব।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তি দূর করে শুভশক্তির বিজয় কামনায় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শক্তির দেবী মা কালীর আরাধনা করা হয়। শ্যামাপূজার অন্যতম আকর্ষণ দীপাবলি। এ উপলক্ষে উৎসবের সন্ধ্যায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির ও শ্মশানে মঙ্গলপ্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা হচ্ছে। পাশাপাশি প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে।

উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শাস্ত্রীয় রীতিনীতি মেনে মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পাহাড়ের সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও এ আলোক উৎসবে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর