রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন। তাঁর এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনার্সের অভিনন্দন বার্তা অনুযায়ী, গত ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন তাসিন। মূল পরীক্ষার পাশাপাশি তিনি নিউইয়র্ক ল কোর্স (এনওয়াইএলসি), নিউইয়র্ক ল এক্সাম (এনওয়াইএলই) এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সাম (এমপিআরই) সফলভাবে সম্পন্ন করেন।

কোর্ট অব আপিলসের বিধিমালা—কোর্ট রুলস ৫২০.৭ অনুযায়ী, তাঁকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য ‘অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্ট’-এ প্রত্যয়ন করেছে সংশ্লিষ্ট বোর্ড।

নিজের এ অর্জনে আনন্দ প্রকাশ করে সাদাত আরেফিন তাসিন বলেন, “এই সাফল্যে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পুরো কৃতিত্ব বাবা ও মায়ের। তবে পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমার মূল লক্ষ্য থাকবে দেশের মানুষের জন্য ভালো কিছু করা।”

ছেলের এ সাফল্যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তাঁর বাবা মো. হাবিবুর রহমান সেলিম রেজা, যিনি নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। ছেলের ভবিষ্যৎ সাফল্য এবং দেশের সেবায় আত্মনিয়োগের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্টে বরিশাল শহরের কলেজ রোডে তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে স্কুল ও কলেজের পড়াশোনা সফলভাবে শেষ করার পর নিউইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে সম্প্রতি জুরিস ডক্টর (জে.ডি.) ডিগ্রি অর্জন করেন।

তাসিনের এ অর্জনে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর