যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে শুরু হয়েছে দৌলতপুর প্রিমিয়ার লিগ-২০২৬। বুধবার (২১ অক্টোবর) বিকেলে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে মুখোমুখি হয় দৌলতপুর এগারোস্টার ও আরএইচ ফুটবল টিম। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য ড্র দিয়ে শুরু হয় এবারের আসর।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আরফান আলী, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. শরিফুল ইসলাম সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সাবেক সেনাসদস্য ও বিএনপি নেতা মো. মিলন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং ছাত্রনেতা রিফাত হোসেন জিসানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। তরুণদের মাঠমুখী করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকাসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করার পাশাপাশি এলাকায় সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস