মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে জেলা পরিষদের ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 3 Time View

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলার ১৭৭টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী জেলা পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপন নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজন ও উদ্‌যাপনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, প্রধান সহকারী এস এম আল মতিনসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এই বাংলা/এমএস

More News Of This Category