রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে আইপিএলের গুদামে হামলা, দুই বিদেশিসহ কর্মীদের নির্যাতন ও লুটের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের (আইপিএল) একটি গুদামে সশস্ত্র হামলা, কর্মীদের মারধর, দুই বিদেশি নাগরিককে নির্যাতন এবং নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির দাবি, গত ১৬ অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার তেরি আইল বাজারের কাছে বড় দারোগাহাট স্কেলের আগে অবস্থিত গুদামটিতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল গুদামে প্রবেশ করে সেখানে কর্মরত ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় গুদামে অবস্থানরত দুই বিদেশি নাগরিককেও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। হামলাকারীরা গুদাম থেকে নগদ অর্থ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুদামটিতে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজে ব্যবহৃত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-সংশ্লিষ্ট সরঞ্জাম রাখা ছিল। এ কারণে ঘটনাটি কর্মীদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্পের সরঞ্জাম সুরক্ষা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

সংশ্লিষ্ট পক্ষের দাবি, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, লুট হওয়া মালামালের পরিমাণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা, লুট হওয়া মালামাল উদ্ধার এবং গুদামে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর