বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর আবাসিক সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা কর্তৃক প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, “একজন পেশাদার ও নির্ভীক সাংবাদিককে এ ধরনের হুমকি প্রদান কেবল কোনো ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
নেতৃবৃন্দ বলেন, “ভয়ভীতি দেখিয়ে বা প্রাণনাশের হুমকি দিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব ও সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকরা কেবল জনগণের কাছে দায়বদ্ধ। শত প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবস্থান অবিচল থাকবে।”
বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঘটনার অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ওয়াকিল হোসেন বগাসহ সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।
এ ছাড়া সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামে কর্মরত সব গণমাধ্যমকর্মীর পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এই বংলা/এমএস