বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ডিমলায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা প্রভাষক আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, মহিলা দলের নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির কাজী মাওলানা রোকনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু উৎপল কান্তি সিংহসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, মণ্ডপ এলাকায় নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং গুজব বা যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন। পূজার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর পরামর্শও দেওয়া হয়।

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর