মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে শিক্ষকদের পদক, সনদ ও প্রাইজমানি প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ের মাধ্যমিক শিক্ষা ক্যাটাগরিতে নির্বাচিত গুণী শিক্ষকদের তালিকায় চম্পানন চাকমার নাম রয়েছে। তিনি খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর চম্পানন চাকমা বলেন, ‘আমার এ অর্জন শুধু আমার একার নয়। এটি আমার পরিবার, বাবা-মা, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষাগুরু, শিক্ষা প্রতিষ্ঠান, প্রিয় শিক্ষার্থী এবং সর্বোপরি শিক্ষক সমাজ ও খাগড়াছড়িবাসীর। তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে আমি এ অর্জনকে দেখছি।’

তিনি আরও বলেন, ‘এটি আমার শিক্ষকতা জীবনের একটি অত্যন্ত আনন্দঘন, গৌরবময় ও স্মরণীয় মুহূর্ত।’

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে এ সম্মাননা পাওয়ায় খাগড়াছড়ির শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনে চম্পানন চাকমার এ অর্জনকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর