শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় আদিবাসী ও স্থানীয় সরকারের মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আদিবাসী জনগোষ্ঠীর সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) খানমরিচ ইউনিয়নের বিএম কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে আদিবাসী সমবায় সমিতির সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুরালি সভাপতিত্ব করেন।

সভার শুরুতে সূচনা বক্তব্য দেন ‘ব্রেড’-এর প্রকল্প সমন্বয়কারী আশিকুর রহমান। তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুলসংখ্যক আদিবাসী নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও অবহেলার বিষয়গুলো তুলে ধরেন।

আদিবাসী নারী প্রতিনিধি অনিতা মুরারি সেবাকেন্দ্রে অবমূল্যায়নের অভিযোগ তুলে বলেন, “আমরা সেবা নিতে গেলে অনেক সময় অবহেলার শিকার হই।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বৈষম্যহীনভাবে সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানান।

স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য সহকারী শিমুল সরকার বলেন, “আমরা স্বাস্থ্যসেবা দিতে সর্বদা প্রস্তুত। আপনারা যেকোনো সময় কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণ করতে পারেন।”

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি রওশন আলীসহ অন্যান্য প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও নাগরিক সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সমাপনী পর্বে বিএম কলেজের শিক্ষক এস এম শিমুল আদিবাসী জনগোষ্ঠীর ওপর পরিচালিত তাঁর গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে বাবু জ্ঞানেন্দ্র মুরালি বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা জরুরি।”

তিনি সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর