বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই এই ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম খাদ্য। নতুন এই কর্নার চালুর ফলে দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করা দুগ্ধদানকারী মায়েদের ভোগান্তি কমবে এবং তারা প্রয়োজনমতো শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, হাসপাতালের মতো জনবহুল প্রতিষ্ঠানে দুগ্ধদানকারী মায়েদের জন্য আলাদা স্থান থাকা প্রয়োজন। এই উদ্যোগ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সেবাগ্রহীতাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।