ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ও পারভেজ। এর মধ্যে সাব্বির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পারভেজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করে আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। পরে প্রচলিত আইনের আওতায় তাদের পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।