রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নলডাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবসংগঠন নেতাকে পিটিয়ে আহতের অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মো. শান্ত ইসলাম (২৬) নামে এক যুবসংগঠন নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শান্ত ইসলাম নাটোর জেলা এনসিপির যুবসংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ লক্ষীকুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে পিপরুল ইউনিয়নের সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা শেষে মাঠে সেনভাগ মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) এবং তার ছেলে মো. শান্ত ইসলাম (২০) আহত শান্ত ইসলামকে উদ্দেশ করে বলেন, “এই মাঠে আর ফুটবল খেলা হবে না, সামনে আমার নেত্রী আসতেছে।”

এ বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আব্দুল হান্নান ও তার ছেলে লাঠিসোঁটা দিয়ে শান্ত ইসলামকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টা ৫ মিনিটে তিনি বাড়ি ফিরে যান।

এরপর রাত ৯টার দিকে আহত শান্ত ইসলাম নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে শান্ত ইসলাম আশঙ্কামুক্ত রয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর