নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা সংস্থাটি বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে একাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যের পাশাপাশি এয়ারলাইনটি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আগামী কয়েক বছরে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংস্থার দাবি, সময়নিষ্ঠ ফ্লাইট পরিচালনা, যাত্রীসেবা এবং আন্তর্জাতিক সম্প্রসারণের মাধ্যমে তারা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে কার্গো পরিবহন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে আধুনিক উড়োজাহাজ সংযোজন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটির সাফল্যে সহযোগী সব অংশীজন, যাত্রী, ট্রাভেল এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতেও আধুনিক, নিরাপদ ও মানসম্পন্ন সেবার মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।