ষড়যন্ত্র ব্যর্থ করে জনরায় নিয়ে ছয় দিনের প্রচারণায় সংসদে এসেছি: এমপি সারোয়ার আলমগীর
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি :
বিগত চার মাস ধরে আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে জাতীয় সংসদে যোগ দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, এর ফলে তার নির্বাচনী এলাকার মানুষ একজন সংসদ সদস্যের মাধ্যমে প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে দেওয়া বক্তব্যে সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে এ এলাকার গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।
তিনি আরও বলেন, ফটিকছড়ি ছিল জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয় একটি নির্বাচনী এলাকা। এ আসনের জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন।
নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরোয়ার আলমগীর বলেন, নির্বাচনের আগে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো ব্যাংক মামলা ছিল না। তবুও নির্বাচনের ঠিক আগ পর্যন্ত আদালতে গিয়ে আইনি লড়াই করতে হয়েছে।
তিনি বলেন, মাত্র ছয় দিন নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পেয়েও জনগণের বিপুল সমর্থনে বিজয়ী হয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি সংসদে এসেছেন এবং জনগণই সব ক্ষমতার উৎস—এ কথাও পুনর্ব্যক্ত করেন।
ফটিকছড়ির রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের পর তিনিই প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এ আসনের প্রতিনিধিত্ব করছেন। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জীবন দিতে হয়েছিল।
সরোয়ার আলমগীর অভিযোগ করেন, এখনও একটি স্বার্থান্বেষী মহল ফটিকছড়ির মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে।
তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি ফটিকছড়ির অবকাঠামো উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব প্রতিকূলতার মধ্যেও তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য ফটিকছড়ির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৫৫-১৫৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, ফোন - ০২-৮৮৭০০৩৫৬, ০২-৮৮৭০০৩৫৭।