নাটোরে ভুল চিকিৎসার অভিযোগ, নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস

নাটোর প্রতিনিধি :

নাটোরে ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নবজাতকের স্বজনদের দাবি, জন্মের পর প্রয়োজনীয় অক্সিজেন না দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

মৃত নবজাতক নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের আবু হোসেন ও রুমি দম্পতির সন্তান।

স্বজনদের অভিযোগ, শনিবার (১১ জুলাই) পেটে ব্যথা নিয়ে রুমি নাটোর মেটারনিটি হাসপাতালে গেলে আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হলেও কয়েক দিন পরে করলেও সমস্যা হবে না। এরপর তাকে কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়।

রুমি জানান, বাড়িতে যাওয়ার পর ব্যথা বেড়ে গেলে রোববার সকালে বৃষ্টির মধ্যেই আবার হাসপাতালে যান। সেখানে তার স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম হয়। কিন্তু জন্মের পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে নার্স ও স্বজনরা চিকিৎসককে খুঁজে পাননি বলে অভিযোগ করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আবু হোসেনের বোন ময়না বেগম বলেন, চিকিৎসক না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নাটোর সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাদের দাবি, শিশুটিকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন থাকলেও তা দেওয়া হয়নি। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা আবু হোসেন বলেন, “আমার জীবিত সন্তানকে অক্সিজেন না দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

ঘটনার পর স্বজনরা মেটারনিটি হাসপাতালে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মেটারনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন এবং রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। স্বজনদের অভিযোগ সঠিক নয়।

নাটোর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল আজিম বলেন, “চিকিৎসায় কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here