গাজীপুর প্রতিনিধি :
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সব সংসদ সদস্য তাঁদের এক মাসের মূল বেতন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন দানের আহ্বান জানান।
তার আহ্বানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একদিনের মূল বেতন প্রদানে সম্মতি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক মোবাইল ফোনে যোগাযোগ করলে তারাও এ উদ্যোগে অংশ নেওয়ার সম্মতি জানান। তারা হলেন—গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দীন আইয়ুবী। প্রত্যেকেই তাঁদের এক মাসের মূল বেতন ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার ঘোষণা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। পরে জেলা প্রশাসনের সমন্বয়ে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ যৌথ উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সভায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।
টপিক

