ঝালকাঠি প্রতিনিধি :
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং সেগুলোর বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল অল্প সময়ের মধ্যেই জনগণ দেখতে পাবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার অতীতের মতো কোনো ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি বা নিয়ন্ত্রণ করবে না। পাশাপাশি ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে খাসজমিতে ‘সাংবাদিক পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।
এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, সদস্য আল-আমিন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমসহ অন্যান্যরা।

