সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে আগুন, কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ

সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলের কর্তৃপক্ষের বিরুদ্ধে দোকান মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পিত ভাবে আগুন দেয়ার অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শপিংমলের বেইসমেন্টে আগুনের সূত্রপাত হলে সেখানে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ ঘটনাস্থলে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা ছিল না।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শপিংমলের কয়েকজন ভাড়াটিয়া ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, শপিংমল কর্তৃপক্ষ সম্প্রতি কয়েকটি দোকান, অফিস ও রেস্তোরাঁকে স্থান ছাড়ার নোটিশ দিয়েছিল। এর পরদিনই আগুন লাগার ঘটনায় তারা সন্দেহ প্রকাশ করেছেন।

দোয়েল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন ভূঁইয়া, কলাপাতা বার্গারের মালিক মামুন শিকদার এবং গ্রীন লাউঞ্জের মালিক মো. পনির অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ব্যবসায়ীরা আরও বলেন, শপিংমল ভবনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। আগুনের ঘটনায় সেখানে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মতে, সঠিক তদন্ত হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আল মদিনা শপিংমলের মালিক মাজহারুল ইসলাম নবী। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here