দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা বাজার এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বাচামারা বাজারে শরমান শেখের মুদির দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দুই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তারকৃতরা হলেন চকমিরপুর গ্রামের মো. রনি (২৪) এবং বাঘুটিয়া পুরানপাড়া গ্রামের মো. মাহাবুব (২১)। তারা উভয়েই দৌলতপুর উপজেলার বাসিন্দা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রনির প্যান্টের পকেটে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম এবং মাহাবুবের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৫০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নম্বর-৮ এবং জিআর নম্বর-৮৫।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) মো. মেহেদী হাসান।

পুলিশের দাবি, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here