চট্টগ্রাম প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন,মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থা এবং এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আজ বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,তিনি বারবার এ অঞ্চলে এসে সকলের সাথে মিলিত হবেন এবং জেলার জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন যাতে নতুন সরকারের নেতৃত্বে একটি উন্নয়নমুখী, জনবান্ধব রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলের সুনাম, জীবনমান ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল। তাই এখানে কর্মরত সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সমস্যা থাকলে সরাসরি মন্ত্রণালয়ে অবহিত করার আহ্বান জানান এবং আশ্বাস দেন, যথাসাধ্য দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিতে যারায় আভিযুক্ত হবে,তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দলীয় পরিচয় থাকলেও কেউ যদি এসব অপরাধে জড়িত থাকে, তাকেও কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকায় অনেক ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিরবাচনের মাধ্যমে বর্তমানে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের দ্বারা উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর, বিশেষত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্টদের কাছে বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী। এই বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা থাকবে। কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব না হলে, তা গুরুত্বসহকারে শোনা হবে এবং প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হবে।
মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বান্দরবান রাজার মাঠে মাহা সাংগ্রাই পোয়ে ২০২৬ উপলক্ষে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এই বাংলা/এমএস
টপিক

