নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার শেরকোল বাজারে অবস্থিত মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সব মিলিয়ে প্রায় ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল মজুদ ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পাশাপাশি জব্দকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও জানান, জ্বালানি তেল বিক্রির বিষয়টি তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।

