
বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র একটি আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে ডাকাতদের একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
