পিরোজপুর সদরের ১৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ৭৭নং করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’ (জিজেইউএস)-এর বাস্তবায়নে সদর উপজেলার মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মামুনুর রশীদ।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোল্লা বক্তিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহীদুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম পুষ্টি অপরিহার্য। স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বাড়বে, তেমনি ঝরে পড়ার হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সরকারের এই মহতী উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে।

কোমলমতি শিশুদের অপুষ্টি দূর করে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে নিয়মিত এই কর্মসূচির আওতায় পুষ্টিকর খাবার সহায়তা পাবে, যা তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here