
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
আল্লাহ তাআলা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির অভিযোগে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের বাসিন্দা মাইকেল মনির খানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ।
মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.) ও পবিত্র কুরআন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ বাইজিদ আহমদ, মোঃ মুসাব্বির, হাফেজ আরিফ, মোঃ মুরসালিম, আব্দুল্লাহ, হাফেজ ইলিয়াস ও মোঃ ইয়াছিন প্রমুখ।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এই বাংলা/এমএস
টপিক
