টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ৫৫

0
107
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার / ছবি - এই বাংলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

বাংলাদেশ কোস্ট গার্ড–এর অভিযানে টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী দ্বীপ ও স্টেশন টেকনাফ–এর সমন্বয়ে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। বোটটিতে তল্লাশি চালিয়ে পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here