নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ব্রাহ্মণবাড়ীয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পুলিশ, আনসার-ভিডিপি, উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কালো ব্যাজ ধারণ ও প্রভাতফেরি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দশকের বেশি সময় ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করলে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি ভাষার অধিকার প্রতিষ্ঠা করে।
দিবসটি উপলক্ষে সরকারি ছুটি পালন করা হয়। দেশের অন্যান্য স্থানের মতো নাসিরনগরেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবন বর্ণমালাসংবলিত ফেস্টুনে সজ্জিত করা হয়।
শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা ও সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

