বিশেষ প্রতিনিধি :
রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মো. হান্নান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের শ্যামপুর মডেল থানার অধীন পোস্তগোলা সেতুর ওপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হান্নান (৪৮)। তাঁর পিতার নাম মৃত নুরশেদ আলী। বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়গাছী এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন। তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এ জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

