কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজি: মিঠু পাঠানসহ ৬ জন গ্রেফতার, এক যুবক উদ্ধার

0
135
কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় শীর্ষ ছিনতাইকারী মিঠু পাঠানসহ ৬ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়। একই অভিযানে পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত ৮টা ৫ মিনিটের দিকে প্রাণ আরএফএল কোম্পানির ছুটি শেষে বাসায় ফেরার পথে মোঃ হক সাব (২৪) নামের এক যুবককে কালীগঞ্জ থানাধীন মূলগাঁও এলাকার ৩ নম্বর গেইটের সামনে থেকে অপহরণ করা হয়। দুর্বৃত্তরা তাকে মূলগাঁও চৌকিদারবাড়ির পেছনের কাঠবাগানে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। প্রথমে ৪ হাজার টাকা নেওয়ার পরও তারা আরও ১০ হাজার টাকা দাবি করে এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি জানার পর ভিকটিমের স্ত্রী কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিদর্শক আশরাফুল ইসলাম ও এসআই মাসুদ রানা শামীমসহ সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ৩১ জানুয়ারি রাত ২টার দিকে দেওপাড়া এলাকায় অভিযান করে জাহিদ হাসান তামিম (১৯) ও সাগর (২৫)-কে গ্রেফতার করা হয় এবং অপহৃত যুবককে উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে মিঠু পাঠান (৪০) ও কনক মিয়া (২১)-কেও গ্রেফতার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কালীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা নং–৩২, তারিখ ৩১/০১/২০২৬ দণ্ডবিধির ৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুদ রানা শামীম গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, মিঠু পাঠানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি, অপহরণ ও মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। অপর আসামী কনক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অপহরণের ৩টি মামলা রয়েছে।

পুলিশ একই সঙ্গে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী—সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬)-কে ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করে।

পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here