মিরসরাইয়ে জমি বিরোধে তিন বছরের শিশু হত্যার ঘটনায় নারীসহ তিনজন গ্রেপ্তার

0
194
মিরসরাইয়ে জায়গা জমির দ্বন্দ্বের জেরে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা / ছবি - সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি :

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে ২১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায়। মামলার বাদী জোসনারা বেগমের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে মো. দ্বীন ইসলাম ও তার সহযোগীরা বাদীর বসতঘরের সামনে এসে হামলা চালায়।

এ সময় শিশু নুর আব্দুল্লাহ তার দাদীর কাছে ছুটে গেলে হামলাকারীরা তার মাথায় সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর চট্টগ্রাম উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত আট আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাহফুজ (৩৩), বিবি রহিমা (৫৫) এবং আমজাদ হোসেন ওরফে বাদশা মিয়া (২৮)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here