ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা শহরের পৌরসভার খেয়াঘাট-সংলগ্ন নতুন চর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৬২)। তিনি ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন চর এলাকার মৃত মো. শুক্কর আলী হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে পান খাওয়ার উদ্দেশ্যে প্রতিবেশী সজল হাওলাদারের বাড়িতে যান নিলুফা বেগম। পান খাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। রাতভর স্বজন ও এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা সুগন্ধা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনেরা মরদেহটি নিলুফা বেগমের বলে শনাক্ত করেন। উদ্ধারকালে তাঁর নাক রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে সজল হাওলাদার বলেন, ‘রাতে তিনি আমাদের বাড়িতে এসে পান খেয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। পরে জানতে পারি, তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।’
স্থানীয় বাসিন্দা শাকিল রনি জানান, নিলুফা বেগম তাঁর মেজ ছেলে ইলিয়াস ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করতেন। সকালে মরদেহ উদ্ধারের সময় তাঁর নাক ও কানে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা মোবাইল ফোন পাওয়া যায়নি। এ কারণে এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে রাখা হতে পারে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

