কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় গভীর রাতে কৃষিজমি ও নদীতীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় তাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া একই দিনে উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পেছনে বুড়িতিস্তা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে মো. রাকিব নামের আরেক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়ন ও উলিপুর পৌরসভার উলিপুর–চিলমারী সড়কের পাশ থেকে অবৈধ মাটি বহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, নদীতীর ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে কৃষিজমি ও নদীপাড় থেকে মাটি কেটে বিক্রি করছিল। প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, উলিপুরে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই অবস্থান একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।
এই বাংলা/এমএস
টপিক

