নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

0
184
নাসিরনগরে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের পূর্ব পাড়ার ছাতিকামলাপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে একটি বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে রমজান মিয়া গোষ্ঠী ও জিতু মিয়া গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংঘর্ষে গুরুতর আহত জিতু মিয়া (৬৫)কে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেককে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ধরমন্ডল ইউনিয়নের ছাতিকামলাপাড়া এলাকায় প্রভাবশালী রমজান মিয়া ও জিতু মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে এই সহিংসতার ঘটনা ঘটে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা বেড়ে গেলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয়। সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here