কুড়িগ্রাম প্রতিনিধি :
নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।
দলীয় সূত্রে জানা যায়, “ভিশন এন্টারপ্রাইজ” নামে একটি ডিলারশিপ ব্যবসার কথা বলে কুড়িগ্রাম জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১০০ জনের বেশি সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ নেওয়া হয়। শুরুতে কিছুদিন বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হলেও পরে অভিযোগ অনুযায়ী পুরো অর্থ আত্মসাৎ করা হয়।
প্রতিষ্ঠানটির দলিল অনুযায়ী এর চারজন মালিক হলেন— শাহজালাল সবুজ, রফিকুল ইসলাম (সাবেক প্রচার সম্পাদক), রফিকুল ইসলাম (সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) এবং ইঞ্জিনিয়ার আ. সালাম সুজা। ২০২০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
অভিযোগের পর ভুক্তভোগী নেতাকর্মীরা জেলা জামায়াতের আমীরের কাছে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোর পর শাহজালাল সবুজকে দায়ী করে তার রোকনিয়াত তিন মাসের জন্য মূলতবি করা হয় এবং দলীয় পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় বলে দলীয় সূত্র জানায়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন জানান, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত এলে তা জানিয়ে দেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে অর্থ ফেরতের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের যুব বিভাগের সাবেক সভাপতি মো. তৈয়বুর রহমান দাবি করেন, তিনি তার পরিবারের প্রায় ৮ লাখ টাকা ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন এবং দ্রুত তা ফেরত চান।
আরেক ভুক্তভোগী মো. সাদেকুর রহমান অভিযোগ করেন, সংগঠনের পরিচয় ব্যবহার করে ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। তিনি দ্রুত অর্থ ফেরত না পেলে আইনগত ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের কথা জানান।
তবে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে জেলা জামায়াতের দায়িত্বশীলরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ বিষয়ে ভুক্তভোগীদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আদর্শ ও শৃঙ্খলার ভিত্তিতে পরিচালিত একটি দল। এখানে অন্যায় বা অনিয়মের কোনো স্থান নেই।” তিনি দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

