মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার চৌধুরীহাট এলাকায় একটি মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫), যিনি দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন এবং একই এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২), যিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌধুরীহাট বাজার এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জয়নাল আবেদিনের মৃত্যু হয়। পরে আহত জহির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

