ঝালকাঠি প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে কর্মবিরতি শুরু হবে। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ গত ১ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রাথমিক শিক্ষকদের মূল তিন দফা দাবি হলো— ১. এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান। ২. শতভাগ শিক্ষকের পদোন্নতি নিশ্চিতকরণ। ৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
ঐক্য পরিষদের আওতায় সহকারী শিক্ষকদের ছয়টি এবং মিশ্র পাঁচটিসহ মোট ১১টি সংগঠন রয়েছে। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ও ঐক্য পরিষদের আহবায়ক শাহীনুর আকতার বলেন,
“সরকারকে যথেষ্ট সময় দিয়েও কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ থেকে ২৭ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রয়োজনে পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি পালন করা হবে।” তিনি সকল প্রাথমিক শিক্ষককে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, “দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীন নিউটন বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকরা সংকটে পড়েছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে।”
এই বাংলা/এমএস
টপিক

