হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নাঙ্গলমোড়া ইউনিয়নের ইব্রাহিম মার্কেট চত্বরে স্থানীয় সাংসদ এবং ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে নারিকেল গাছসহ ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “বাড়ির আঙিনা, ছাদ কিংবা যেকোনো খালি জায়গায় শাকসবজি ও গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার এবং সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।”
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রুপালী বৈষ্ণব, রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আলম বুলবুল, বখতেয়ার ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম, মাস্টার আজম, ইমরান, জাফর সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ জামাল ও বশির আল হেলালসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার সুবিধাভোগীরা।
এই বাংলা/এমএস
টপিক

