ঝালকাঠির ভীমরুলীতে উচ্চশব্দ ও বড় ট্রলার প্রবেশ নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের ৭ শর্ত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার বিখ্যাত পর্যটনকেন্দ্র ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এবং জীববৈচিত্র্য রক্ষায় একগুচ্ছ কড়া বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এই পর্যটন এলাকায় উচ্চশব্দে গান বাজানো, ডিজে সাউন্ড সিস্টেম পরিচালনা ও বড় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের কাছে এক অনন্য আকর্ষণীয় স্থান। তবে সাম্প্রতিক সময়ে অনিয়ন্ত্রিত পর্যটন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই এখানকার ইকোসিস্টেম, বন্যপ্রাণীর আবাস্থল এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার তাগিদেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসন ঘোষিত প্রধান নির্দেশনা ও বিধিনিষেধসমূহ:

  • উচ্চশব্দে গান বাজানো নিষেধ: পেয়ারা বাগান ও বাজার এলাকায় কোনো ধরনের ডিজে বক্স, মাইক বা উচ্চ ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

  • বড় ট্রলারে নিষেধাজ্ঞা: খালের পরিবেশ রক্ষায় বড় আকারের ইঞ্জিনচালিত ট্রলার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে ছোট ও মাঝারি আকারের বৈঠাচালিত বা পরিবেশবান্ধব নৌকা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

  • দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
  • বর্জ্য ব্যবস্থাপনা: খালে পলিথিন, প্লাস্টিক বা খাবারের উচ্ছিষ্টাংশ ফেলা সম্পূর্ণ বেআইনি। প্রতিটি ভ্রমণতরীতে একটি করে ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা বাধ্যবাধকতা করা হয়েছে।

  • নিরাপত্তা সরঞ্জাম: যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রতিটি নৌকায় প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখা বাধ্যতামূলক।

  • যাত্রী সীমা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকি নিয়ে কোনো ট্রলার বা নৌকা চলাচল করতে পারবে না।

  • গাছের ক্ষতি সাধন রোধ: বাগান মালিকের অনুমতি ছাড়া পেয়ারা বাগানে ঢোকা এবং পেয়ারা কিংবা আমড়া গাছের পাতা-ডাল ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ।

  • শৃঙ্খলা রক্ষা: ইভটিজিং রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আগত দর্শনার্থীদের শালীনতা ও সৌজন্য বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জারিকৃত এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই ভাসমান পেয়ারা বাজারকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সবার সক্রিয় সহযোগিতা চেয়েছে প্রশাসন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here