ঝালকাঠি প্রতিনিধি :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়েছে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহছিনা পারভিন নিছা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিপ্রা রানী, মো. নজিবুর রহমান, লিনা পারভিন, মো. নাসির উদ্দিন, আফরোজা আক্তার, হাফছা আক্তার এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিসা আক্তারসহ অনেকে।
এর আগে গত ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানকালে পরিবারের ওপর অতীতের বিভিন্ন মানসিক চাপের অভিজ্ঞতা নিছার মুখে শুনে তাকে পরম স্নেহ ও ভালোবাসায় বুকে জড়িয়ে নেন প্রধানমন্ত্রী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চলতি বছর কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নিছাসহ মোট পাঁচজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে এই জাতীয় পদক অর্জন করেছে।
নিছার মা এবং ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমার ছোট মেয়ে নিছার এই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের স্বীকৃতিতে আমাদের পুরো পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি তানিয়া বলেন, “নিছা আমাদের স্কুলের গর্ব। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে পুরো দেশের কাছে আমাদের বিদ্যালয়ের সম্মান ও পরিচিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামান জানান, উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট পাঁচজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা পদক পেয়েছে, যা সমগ্র উপজেলার জন্য অত্যন্ত গর্বের। তিনি পদকপ্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

