খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি সংলগ্ন এলাকায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
নিহত রুসুল করিম বাবু পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার টুপিামারী ইউনিয়নের মরহুম রহিম উদ্দিনের ছেলে। সংসার চালাতে তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে আসছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি খানসামার অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গরুবাহী টেম্পুর সঙ্গে বাহনটির জোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক রুসুল করিম বাবুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চার যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে খানসামা থানা পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

