ঝালকাঠি প্রতিনিধি :
উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের (CTCRP) অধীন ঝালকাঠি পৌর এলাকায় আধুনিক মানের বাস টার্মিনাল, বহুমুখী (মাল্টিপারপাস) মার্কেট ও দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার লক্ষ্যে এক সুশীল নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ মতবিনিময় ও সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুর্লিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিটিসিআরপির প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য ও মতামত প্রদান করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট ও ডিজাইন টিমের সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাথমিক নকশা, নাগরিক সুবিধাদি, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকার বাস্তবতার আলোকে তাঁদের গঠনমূলক পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, যেকোনো বড় অবকাঠামোগত মূল নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করার আগে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সার্বিক সম্ভাব্যতা যাচাই ও টেকনিক্যাল সার্ভে সম্পন্ন করে জন চাহিদানুযায়ী দ্রুতই এসব দৃশ্যমান উন্নয়নকাজ শুরু করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

