সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) এবং আলামিন মিয়া (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ‘আমিনুল টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিভিন্ন মডেলের ১২০টি আইফোন, ২৬টি স্মার্টফোন এবং নগদ ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে এবং পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”
টপিক

