সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার ফ্রেশ সয়াবিন তেল উদ্ধার, চালক গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান: সাভার থেকে উদ্ধার ৭৫০ কার্টন তেল ও কাভার্টভ্যান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্টভ্যান জব্দ করা হয়েছে এবং চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ছিনতাই হওয়া সয়াবিন তেল ও কাভার্টভ্যান উদ্ধার করে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে একটি কাভার্টভ্যানে (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়।

তবে নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছে দিয়ে চালক আল আমিন গাজী কাভার্টভ্যানসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় পরদিন ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলার পর সোনারগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে কালিয়াকৈর থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্টভ্যান উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “ছিনতাই হওয়া সয়াবিন তেল ও কাভার্টভ্যান উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here