বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা অন্তত ১০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে পাঁচজন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা এবং বাকিরা মোরেলগঞ্জ এলাকার বলে জানা গেছে।
তবে কোস্ট গার্ড জানিয়েছে, বিষয়টির সত্যতা যাচাইয়ে তারা কাজ শুরু করেছে।
মোংলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচএম নাসিম উদ্দিন দাবি করেন, সুন্দরবনের ‘শুয়োর মারা খাল’ এলাকা থেকে ১১ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, ‘এরমধ্যে সবুর নামের এক জেলে ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে এসেছে। তার বাবার নাম আব্দুল হামিদ। সে সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়াও একই এলাকার মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার ও ওয়াহিদ মুন্সীকে জিম্মি করে রেখেছে।’
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় মোরেলগঞ্জ এলাকার আরও পাঁচজনকে জিম্মি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দস্যুরা এখনও মুক্তিপণ হিসেবে কী দিতে হবে, তা জানায়নি বলে জানান তিনি।
এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন জানান, বিষয়টি সম্পর্কে তারা জানতে পেরেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তারা তথ্য যাচাই ও বিশেষ নজরদারি শুরু করেছে।
এই বাংলা/এমএস
টপিক

