নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় কলেজ শিক্ষার্থী আব্দুল কাহার ওরফে আতিক হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নিহত আব্দুল কাহার সিংড়ার বড়গ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুর রশীদের ছেলে এবং দমদমা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার মাসুদ রানা ও মিজানুর রহমান মিন্টু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আতিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

