বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে সড়কের পাশে আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় দুর্গন্ধে নাকাল স্থানীয় বাসিন্দারা। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালকদের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ মণ পচা ফল, সবজি ও নিত্যব্যবহৃত বর্জ্য রাস্তার পাশে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধে চারপাশের পরিবেশ নোংরা হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে।

স্থানীয় শিক্ষকরা জানান, আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই দুর্গন্ধের কারণে নাক চেপে স্কুলে আসে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

বাসিন্দাদের অভিযোগ, নাসিরনগর বাজার সংলগ্ন মাছের আড়ৎ, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সংলগ্ন ও উত্তর পাশের মোড়সহ বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে এলাকায় বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিতে হবে এবং সড়কের পাশ থেকে জমে থাকা আবর্জনা অপসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। এতে জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এলাকাটির পরিবেশও স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত