সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি’র সহযোগিতায় পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
সভায় বক্তারা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উন্নত জাতের ফসল চাষ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিরাপদ ও মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের বিকল্প নেই। আধুনিক কৃষি চর্চার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথি শাজাহান সিরাজ বলেন, কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য পৌঁছে দেওয়া, নতুন জাতের সম্প্রসারণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, প্রকল্পটির লক্ষ্য নতুন কৃষি উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এ সময় উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য নিয়ে প্রদর্শনী স্টলও স্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এই বাংলা/এমএস
টপিক

