শ্রীবরদীতে আদিবাসীদের ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

 

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকায় কম্প্যাশন প্রকল্প কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগারের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডব্লিউএ ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশী, শ্রীবরদী শাখার ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ দুদু, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং মাঠ কর্মকর্তা অতুল ম্রংসহ অন্যান্যরা।

ক্যাম্পেইনে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার ঘটনাগুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

তারা বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকারবিষয়ক বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।

ক্যাম্পেইনটি যৌথভাবে আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা কমিটি এবং টিডব্লিউএর বকশীগঞ্জ, শ্রীবরদী ও ঝিনাইগাতী শাখা। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।

অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকারসংক্রান্ত বর্তমান পরিস্থিতি, দাবি ও অবস্থান তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here