বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ শামসুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শামসুন্নাহারের বাড়িতে ধর্মীয় তালিমের (মহিলা তালিম) আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে অতিথিরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরে রাত সাড়ে ১২টা থেকে শনিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে বাড়ির বাইরের একটি বৈদ্যুতিক বাতির ঝুলে থাকা তার গোছাতে যান তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সকালে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাইরে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

