শ্রীপুরে ৬ জন ডিবিএল কর্মচারীকে জিম্মি করে চাঁদাবাজি: গ্রেফতার ৫, মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

 

গাজিপুরের শ্রীপুর উপজেলায় ডিবিএল (DBL) ফ্যাক্টরির ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে চাঁদা দাবি ও হামলার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর নতুন বাজার এলাকায় ডিবিএল ফ্যাক্টরির ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পথরোধ করে একদল সন্ত্রাসী জিম্মি করে।

পরে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। হামলার সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনার নেতৃত্ব দেন গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন খান।

এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুলাল মিয়া (বিএনপির সাবেক সদস্য), মাহবুবুল আলম (৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য)সহ শাহীন, নয়ন, জয়নাল, ফারুক, শরীফ ও রবিনসহ আরও কয়েকজন।

ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়।

ওসি মো. নাসির আহমেদ বলেন,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত অভিযান চালানো হয়েছে। জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল বলেন,“বিএনপি কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। অভিযুক্তরা যদি আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। অপরাধী যেই হোক, তার পরিচয় নয়—অপরাধই মুখ্য। গাজীপুর ইউনিয়নে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

ঘটনার পর নয়নপুর নতুন বাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here