শিবগঞ্জে মহাসড়কের পাশে আলুর হাট, যানজটে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে বসছে আলুর হাট। এতে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে জয়পুরহাট, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার শত শত যানবাহন প্রতিনিয়ত চলাচল করে।

অথচ কিচক এলাকায় সড়কের দু’পাশ দখল করে হাট বসানোর কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত স্থানের বাইরে মহাসড়কের ওপরই চলছে আলুর কেনাবেচা। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে পুরো এলাকা অস্থায়ী বাজারে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা ট্রাক, পিকআপ ও ভ্যান সড়কের ওপর দাঁড় করিয়ে আলু লোড-আনলোড করছেন, ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

জানা গেছে, হাটবার সপ্তাহে তিনদিন রোববার, বুধবার ও শুক্রবার এই হাট বসে।আগের দিন বিকাল থেকেই যানজট শুরু হয়ে তা পরদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থায়ী থাকে। এতে রাতভর এবং ভোরের ব্যস্ত সময়ে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

ভুক্তভোগীরা জানান, রাতের বেলায় দূরপাল্লার যানবাহনসহ জরুরি সেবার গাড়িগুলোও দীর্ঘ সময় আটকে থাকে। ভোরে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। অনেক ক্ষেত্রে অল্প দূরত্ব অতিক্রম করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিচক হাটে অনেক ব্যবসায়ী সড়কের পাশে আলু স্তুপ করে রাখেন এবং সড়কের মধ্যেই যানবাহনে আলু ওঠানো-নামানোর কাজ করেন। এতে যানজট আরও তীব্র হয়ে ওঠে। প্রতি বছর আলুর মৌসুমে এমন দুর্ভোগ হলেও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ)-এর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনাও যানজটের অন্যতম কারণ।

কিচক আলুর হাটের যানজটে আটকে পড়া জয়পুরহাট জেলার কালাই উপজেলার বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন,

“আমি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করি। ঈদের ছুটি শেষে ফিরছিলাম, কিন্তু আমাদের বাস দুই ঘণ্টা ধরে যানজটে আটকে আছে।”

অরিন ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার নূরনবী প্রাং জানান, তীব্র যানজটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী গাড়ি সময়মতো পৌঁছাতে পারছে না।

হাটের ইজারাদারের এক প্রতিনিধি জানান, হাটের জায়গা সম্প্রসারণ না করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here